গাজীপুরে ডাকাতির ঘটনায় দুই ডাকাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা এলাকার চান্দরা গ্রামে গত বছরের ২৬ জুন ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে গাজীপুর সিআইডি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রুবেল মিয়া (২৩) ও সাব্বির মোল্লা (২২)।

গাজীপুর সিআইডির বিশেষ পুলিশ সুপার রিয়াজুল হক বলেন, চান্দরা গ্রামের হাজী মনু মিয়ার বাড়িতে এক দল ডাকাত গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে গুরুতর আহত করে ১২ ভরি স্বর্ণালংকার, দেড়লাখ টাকা ও চারটি মোবাইল ফোনসেট লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তের জন্য সিআইডিতে স্থানান্তর করা হয়। তদন্ত করে গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ এপ্রিল গাছা থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর তাদেরকে রিমান্ডের আবেদন দিয়ে আদালতে পাঠানো হয়।