দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) স্থায়ী ক্যাম্পাস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পেয়েছে। কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিত্ চন্দের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট পরিদর্শন কমিটি গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর বারিধারায় কূটনৈতিক জোন-সংলগ্ন স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন। কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম যথারীতি পরিচালিত হওয়ায় গত বৃহস্পতিবার ইউআইটিএসের স্থায়ী ক্যাম্পাস হিসেবে অনুমোদন দেয় ইউজিসি। ইউআইটিএসের স্থায়ী ক্যাম্পাসের ঠিকানা—হোল্ডিং নম্বর ১৯০, সড়ক-৫, ব্লক-জে, বারিধারা, মধ্য নয়ানগর, ভাটারা, ঢাকা-১২১২।