গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা এলাকার চান্দরা গ্রামে গত বছরের ২৬ জুন ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে গাজীপুর সিআইডি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রুবেল মিয়া (২৩) ও সাব্বির মোল্লা (২২)।
গাজীপুর সিআইডির বিশেষ পুলিশ সুপার রিয়াজুল হক বলেন, চান্দরা গ্রামের হাজী মনু মিয়ার বাড়িতে এক দল ডাকাত গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে গুরুতর আহত করে ১২ ভরির স্বর্ণালঙ্কার, দেড়লাখ টাকা ও ৪টি মোবাইল ফোনসেট লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তের জন্য সিআইডিতে স্থানান্তর করা হয়। তদন্ত করে গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ এপ্রিল গাছা থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এরপর তাদেরকে রিমান্ডের আবেদন দিয়ে আদালতে পাঠানো হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করলে ডাকাতির ঘটনা স্বীকার করেন। লুণ্ঠিত মালামালের মধ্যে ২ টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
গ্রেফতারকৃতরা শনিবার গাজীপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ইত্তেফাক/এমআর