ধান খেয়ে ফেলতে পারে—এমন আশঙ্কায় পাখির ছানা হত্যা!

আহাদুল ইসলাম, ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা

ধান খেয়ে ফেলতে পারে এমন আশঙ্কা থেকে শনিবার বিকালে শতাধিক বাবুই পাখির ছানা মেরে ফেলার অভিযোগ উঠেছে উপজেলার দক্ষিণ ভবানিপুরের কয়েক জন কৃষকের বিরুদ্ধে। এ সময় বাবুই পাখির বাসাগুলোও ভেঙে ফেলেন তারা। সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় কয়েক জন বাসিন্দা জানান, দক্ষিণ ভবানিপুরের লুত্ফর মোল্লা ও তার কৃষি কাজের কয়েক জন সহযোগী এ ঘটনায় জড়িত। স্থানীয় সূত্রে জানা যায়, জমির ধান খেয়ে ফেলতে পারে এমন আশঙ্কায় থেকে তারা দুটি তালগাছের শতাধিক বাবুই পাখির বাসা ভেঙে ফেলেছেন। অনেকগুলো বাসায় পাখির ছানা ও ডিম ছিল। তবে এ বিষয়ে অভিযুক্ত লুত্ফর মোল্লার বড় ভাই ঘোষেরহাট বাজারের খুচরা সার ডিলার হেমায়েত মোল্লা জানান, বিএডিসির প্রকল্পে ৫০ বিঘারও বেশি জমিতে আমরা তিন ভাই বোরো ধান রোপণ করেছি। জমির ২৫ ভাগেরও বেশি ধান এরই মধ্যে বাবুই পাখি নষ্ট করে ফেলেছে। তাই আমার ছোট ভাই লুত্ফর মোল্লা ও আমাদের দুই জন শ্রমিক কিছু পাখির বাসা ভেঙেছে। তারা কোনো পাখি মারেনি। হয়তো ঐ বাসাগুলোতে কয়েকটা ডিম থাকতে পারে। এ বিষয়ে ইন্দুরকানীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করবেন।