ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে রবিবার সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
বাগেরহাট :বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় বেলাল মোল্লা নামের এক ইটভাঙা মেশিনের চালকের মৃত্যু হয়েছে। সকাল ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল মোল্লা বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বাসিন্দা। কাঁটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্যামনগর (সাতক্ষীরা) :শ্যামনগরে সকাল ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক মাহাবুব শেখের মৃত্যু হয়েছে। উপজেলার ভূরুলিয়া গ্রামে জাফর ডাক্তারের বাড়ির সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি উত্তর ফুলবাড়ীয়া গ্রামে মোমিন শেখের ছেলে। নিহতের চাচাতো ভাই ফয়সাল জানান, সকালে মাহাবুব ব্যাটারিচালিত ভ্যানে মালামাল নিয়ে ভূরুলিয়া যাওয়ার সময় বিদ্যুতের পোলের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। শ্যামনগর থানার ওসি আলহাজ নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নান্দাইল (ময়মনসিংহ) :নান্দাইলে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। সকাল ৮টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল পৌর সদরের চণ্ডিপাশা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম আজহারুল ইসলাম। তিনি কিশোরগঞ্জ সদরের একরামপুর গ্রামের আবুল কালামের ছেলে। হাইওয়ে থানার ওসি মো. মাসুদ খান জানান, ট্রাকটি বালু বোঝাই করে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক মারা যায়। লাশ উদ্ধার করা হয়েছে।