সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
পাবনার সাঁথিয়ায় চলতি মৌসুমে গম ও সরিষার বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। বৃষ্টির আগে গম আর সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষক পরিবার। সাঁথিয়া উপজেলা কৃষিসম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এ মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার হেক্টর বেশি গম উত্পাদন হয়েছে। গমের উত্পাদন হয়েছে প্রায় ১২ হাজার ২৪০ মেট্রিক টন। চলতি বছর উন্নত জাতের বারি ৩০, ৩১, ৩২ ও ৩৩ জাতের গম আবাদ করেন কৃষকরা। অন্যদিকে, উপজেলায় ১ হাজার ৯০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এবছর বিনা-৯ ও বারি-১৪ নতুন জাতের সরিষার আবাদ হয়। সরিষার আবাদ ও ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। তারচেয়ে বেশি খুশি বাজার দাম নিয়ে। বর্তমানে উপজেলার বিভিন্ন হাটে সরিষা প্রতি মণ ২ হাজার ৮০০ টাকা করে বিক্রি হচ্ছে। এদিকে সরিষার বাজার চড়া হওয়ায় ভোগান্তিতে পড়েছে মিল মালিক, তেল ব্যবসায়ী ও সাধারণ তেল ব্যবহারকারীরা। উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী জানান, চলতি বছরে কৃষকরা গম কর্তন করেছেন, যা বিঘায় ১৩ থেকে ১৬ মণ উত্পাদন হয়েছে। গম ও সরিষার বাম্পার ফলনের ক্ষেত্রে আধুনিক জাত, অনুকূল আবহাওয়া, কৃষক ও কৃষি অফিসের সমন্বিত প্রস্তুতি ছিল।