সংবাদ সংক্ষেপ

দরিদ্রদের মধ্যে চেক প্রদান

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুরে স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অসহায় দরিদ্রদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঐ চেক বিতরণ করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল।

কাহারোলে কৃষি যন্ত্রপাতি বিতরণ

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোলে রবিবার বিকালে কৃষকদের মধ্যে কৃষির যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমম্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ শতাংশ উন্নয়ন সহায়তায় ভর্তুকিতে এ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে যন্ত্রপাতি বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

আধুনিক হারভেস্টার মেশিন বিতরণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা কালীগঞ্জে রবিবার তিন কৃষকের মধ্যে আধুনিক হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনায় কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের নির্ধারিত উন্নয়ন সহায়তার ৫০ শতাংশ ভুর্তকি কার্যক্রমের আওতায় তিন কৃষকের হাতে তিনটি কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

করোনা রোধে নানা কর্মসূচি

ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা ছাগলনাইয়া প্রেস ক্লাবের উদ্যোগে করোনা রোধে নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন সাংবাদিকরা। রবিবার করোনা ভাইরাস-সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শেখ কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় মাস্ক বিতরণ উদ্বোধন করেন ছাগলনাইয়া থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ।

হতদরিদ্ররা পেল রিংস্লাব

মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নে রবিবার ১৮০ জন হতদরিদ্রের মধ্যে ১৮০ সেট রিংস্লাব বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। এলজিএসপির অর্থায়নে এগুলো বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা।

করোনা জনসচেতনতায় মাস্ক বিতরণ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা করোনা মোকাবিলায় জনসচেতনতায় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের উদ্যোগে রবিবার মাস্ক বিতরণ করা হয়েছে। ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেটের সামনে মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস প্রচারাভিযানে অংশগ্রহণ করেন।

করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে সভা

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় ‘করোনা ভাইরাস প্রতিরোধে এখন করণীয়’ বিষয়ে শনিবার সন্ধ্যায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান খান, শ্যামলেন্দু পাল, সঞ্জয় সরকার প্রমুখ।

ন্যায্যমূল্যে দুধ ও মাংস বিক্রয়কেন্দ্র উদ্বোধন

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়ায় ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদের সামনে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল মুমিন এতে সভাপতিত্ব করেন।

ইফতারসামগ্রী বিতরণ  

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা মনোহরগঞ্জে রবিবার মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা সদরের ঝলম গ্রামে হতদরিদ্রদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেন উপজেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি হাজী সেলিম জাহাঙ্গীর মজুমদার।