এ পর্যন্ত ৫৩ জন গ্রেফতার

নারায়ণগঞ্জে হেফাজতের তাণ্ডব

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে হেফাজতের ডাকা হরতাল ও মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখায় হামলা, ভাঙচুর, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের ঘটনায় ১৭ মামলায় আরো ১৩ জনসহ মোট ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত শনিবার পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছিল। দুই ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় পুলিশ, র্যাব, সাংবাদিক, ছাত্রলীগ, যুবলীগ, পরিবহন মালিকেরা বাদী হয়ে মামলা করেছেন। এসব মামলায় রবিবার বিকেল পর্যন্ত ৫৩ জনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বিভিন্ন থানা থেকে এসব আসামির ফেসবুকের পোস্ট, ভিডিও ফুটেজ ছাড়াও তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। এসব মামলায় অন্য আসামিদেরও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের মধ্যে বিএনপি, জামায়াত, হেফাজতের নেতাকর্মীরা রয়েছেন বলেও জানান তিনি।

সোনারগাঁওয়ে হেফাজতের

দুই কর্মী গ্রেফতার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করে রাখার পর সহিংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই হেফাজত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সিসি টিভির ফুটেজ দেখে শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়। গতকাল রবিবার সকালে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মোগরাপাড়া চৌরাস্তার ঈশাখা মোবাইল মার্কেট থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো—সনমান্দী ইউনিয়নের কাটাখালী এলাকার আবু জাহেরের ছেলে হাসান মিয়া ও বাগেরহাট সদর উপজেলার মান্দ্রা এলাকার রজব আলী মোল্লার ছেলে শহিদুল ইসলাম।