ইত্তেফাক রিপোর্ট
১০ লাখ টাকা পর্যন্ত আমানত বিশিষ্ট সঞ্চয়ী হিসাবের বিপরীতে বছরে একবারের বেশি রক্ষণাবেক্ষণ ফি বা অ্যাকাউন্ট মেইনটেইন্যান্স চার্জ কাটা যাবে না। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংক তপশিলি ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকিং খাতে আমানত বৃদ্ধি এবং ক্ষুদ্র আমানতকারীদেরকে ব্যাংকমুখী করার লক্ষ্যে গড় আমানত স্থিতির ওপর ভিত্তি করে সঞ্চয়ী হিসাবের বিপরীতে রক্ষণাবেক্ষণ ফি যৌক্তিকীকরণপূর্বক পুনঃনির্ধারণ করে দেওয়া হয়। উক্ত পুনঃনির্ধারিত হার অনুযায়ী ব্যাংকসমূহ প্রতি ছয় মাস পর একবার অর্থাত্ বছরে দুই বার একটি হিসাব থেকে অ্যাকাউন্ট মেইনটেইন্যান্স চার্জ আদায় করতে পারে। করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্ষুদ্র আমানতকারীদেরকে আর্থিক প্রণোদনা প্রদান ও আমানত বৃদ্ধিতে উত্সাহিত করার লক্ষ্যে ১০ লাখ টাকা পর্যন্ত গড় আমানত স্থিতিবিশিষ্ট সঞ্চয়ী হিসাবের বিপরীতে বছরে দুবারের পরিবর্তে একবার অ্যাকাউন্ট মেইনটেইন্যান্স চার্জ আদায় করার জন্য ব্যাংকসমূহকে নির্দেশনা প্রদান করা যাচ্ছে।