ইত্তেফাক রিপোর্ট
‘কঠোর’ ও ‘সর্বাত্মক’ লকডাউন শুরুর আগে দুই দিন ব্যাংকে লেনদেনের সময় বাড়ানো হয়েছে। আড়াই ঘণ্টার পরিবর্তে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার লেনদেন হবে তিন ঘণ্টা। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১২ এপ্রিল সোমবার ও ১৩ এপ্রিল মঙ্গলবার ব্যাংক লেনদেন চলবে ১০টা থেকে ১টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এর আগে করোনা মহামারির মধ্যে সরকার ঘোষিত ৫ থেকে ১১ এপ্রিল এক সপ্তাহের লকডাউনে ব্যাংকিং কার্যক্রম চালু ছিল আড়াই ঘণ্টা, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। আর দাপ্তরিক কাজের জন্য ব্যাংক খোলা ছিল ২টা পর্যন্ত। ৪ এপ্রিল লকডাউনে ব্যাংক খোলা রাখার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের অন্যান্য নির্দেশনাগুলো অপরিবর্তিত থাকবে বলে নতুন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।