ইত্তেফাক রিপোর্ট
ব্যাংকের সঙ্গে সমন্বয় করে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার শেয়ারবাজারে ৩০ মিনিট বাড়িয়ে আড়াই ঘণ্টা লেনদেন করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জানা গেছে, আজ ও আগামীকাল ব্যাংকের লেনদেনের সময়সীমা আরো আধা ঘণ্টা বাড়িয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর সঙ্গে সমন্বয় করে দেশের শেয়ারবাজারে লেনদেনের সময়সীমাও আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। এর ফলে আজ ও আগামীকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলবে। ঐ দুইদিন আধা ঘণ্টা লেনদেন বাড়ালেও যথারীতি প্রি-ওপেনিং বন্ধ থাকছে এবং ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে। এর আগে গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সরকার ঘোষিত সার্বিক কার্যাবলি ও চলাচল সীমিত থাকাকালীন সময়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।