আর্নল্ডের প্রমাণ করার কিছু নেই—ক্লপ

সম্প্রতি লিভারপুল ফুলব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে জাতীয় দল থেকে বাদ দিয়ে বেশ বিতর্ক উসকে দিয়েছেন ইংল্যান্ড ম্যানেজার গ্যারেথ সাউথগেট। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ২২ বছর বয়সি ফুলব্যাক ইতিমধ্যে তার সামর্থ্যের পরিচয় দিয়েছেন সব টুর্নামেন্টে। এখনো প্রতিভার স্বাক্ষর রাখতে থাকা এই ফুলব্যাকের শেষ মুহূর্তের গোলে গত শনিবার অ্যাস্টন ভিলাকে হারিয়েছে লিভারপুল। যোগ করা সময়ে ডি বক্সের বাইরে থেকে নেওয়া অসাধরণ এক শটে আর্নল্ড ভিলার জাল ভেদ করলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় অলরেডরা। শীর্ষ চারের দৌড়ে দলকে মহাগুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দিতে সাহায্য করার পর আর্নল্ডের বন্দনাই গাইলেন ম্যানেজার য়ুর্গেন ক্লপ, ‘আসলে আমার মনে হয় না তার (আর্নল্ডের) কিছু প্রমাণ করার আছে। জীবনের সেরা মৌসুমটা খেলার পরও জাতীয় দলের কোচ আপনাকে বাদ দিয়ে দিতে পারে এবং সেই সিদ্ধান্তকে সম্মান জানাই আমরা। ট্রেন্ট এখন যেটা করছে, নিজের সেরা ফুটবলটা খেলছে। গত ১০ দিনে দুইবার সে অসাধারণ খেলেছে এবং আজকে তো গোলই পেল।’