মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ২

মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নে আধিপত্য নিয়ে বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই পক্ষেরই দুই জন কর্মী নিহত হয়েছেন। এরা হলেন : সাইফুল সরদার (২৮) ও সাহিদ চৌধুরী (৩০)।

জানা গেছে, উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী মিলন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী রুমা বেগম গংদের মধ্যে দীর্ঘদিন যাবত্ বিরোধ চলছে। এই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একাধিক হামলা-মামলার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত গভীর রাতে উলানিয়া দক্ষিণ ইউনিয়নের লালগঞ্জ বাজার ও নতুন কালীগঞ্জ বাজার  এলাকায় উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে উলানিয়া দক্ষিণ ইউনিয়নের আশা গ্রামের জব্বার সরদারের ছেলে সাইফুল সরদার ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে অপরপক্ষের কর্মী পশ্চিম সুলতানী গ্রামের কাইয়ুম চৌধুরীর ছেলে সাহিদ চৌধুরীও প্রতিপক্ষের অস্ত্রাঘাতে আহত হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যালে চিকিত্সার জন্য নেওয়া হলে সেখানে তিনি মারা যান। এছাড়াও হামলায় উভয় পক্ষের কমপেক্ষ ২০ জন গুরুতর জখম হন। এ সময় হামলাকারীরা প্রায় ১৫/২০টি বসতবাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বতন্ত্র প্রার্থী রুমা বেগমের ভাই ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিটন সরদার এবং নৌকা সমর্থিত প্রার্থী মিলন চৌধুরী হামলার জন্য একে অপরকে দোষারোপ করছেন।  মেহেন্দিগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মমিন উদ্দিন জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হামলার ঘটনায় রবিবার দুপুর পর্যন্ত সাত জনকে গ্রেফতার করা হয়েছে।