রামেক হাসপাতালে করোনা ওয়ার্ডে ভোগান্তি

তিনতলা থেকে লাশ কাঁধে করে নিচে নামাতে হচ্ছে স্বজনদের!

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আইসিইউ বেড ও অক্সিজেন সংকট রয়েছে। সেই সঙ্গে পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে করোনার সংক্রমণ ও ভোগান্তি বাড়ছে। তিন তলায় করোনা ওয়ার্ডের জন্য পৃথক লিফট না থাকায় করোনা রোগীর মৃত্যুর পর লাশ কাঁধে নিয়ে নিচে নামতে হচ্ছে স্বজনদের। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে রামেক হাসপাতালে ৮৬ করোনা রোগী চিকিত্সা নিচ্ছেন। হাসপাতালে করোনা রোগীদের জন্য মাত্র ১০টি আইসিইউ বেড ও ১৮টি ভেন্টিলেটর সুবিধা রয়েছে। কিন্তু আইসিইউ বেড লাগবে এমন রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ। এখন প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ জন রোগীকে সিরিয়ালের জন্য অপেক্ষা করতে হচ্ছে। রয়েছে অক্সিজেনের সংকটও। অপর্যাপ্ত আইসিইউসহ অক্সিজেনের অভাবে রোগীকে যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে, তেমনি আইসিইউর অপেক্ষায় রোগীর মৃত্যুও হচ্ছে।

এদিকে একই ওয়ার্ডের আরেক রোগীর স্ত্রী রোজিনা বেগম জানান, ‘আমার স্বামীকে চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়ে এসেছি। শ্বাসকষ্ট থাকায় ডাক্তার এখানে পাঠিয়েছেন। এখনো কোনো বেড পাইনি, অক্সিজেনও পাইনি। সরেজমিনে আরো দেখা যায়, রামেক হাসপাতালের বহির্বিভাগ এমনকি জরুরি বিভাগেও অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। হাসপাতালে কোথাও স্বাস্থ্যবিধি নিশ্চিত হচ্ছে না।

এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, রামেক হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে ২৫ নম্বর ওয়ার্ডকে নতুন করোনা ওয়ার্ড ঘোষণা করা হয়েছে। নতুন করে ২২ নম্বর ওয়ার্ডকেও প্রস্তুত করা হচ্ছে। যেটা শিগিগরই চালু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি স্বীকার করেন, এটা সত্য যে, নতুন করোনা ওয়ার্ডে (২৫ নম্বর ওয়ার্ড) করোনা রোগীদের ওঠা-নামায় সমস্যা হচ্ছে। তবে এ সমস্যার সমাধানের লক্ষ্যে রোগীদের মধ্যে যারা একটু সুস্থ কেবল তাদেরকেই ২৫ নম্বর ওয়ার্ডে পাঠানোর জন্য চিকিত্সকদের বলা হবে।

তিনি আরো জানান, হাসাপাতালে আইসিইউ সংকট আছে। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। কিছু দিনের মধ্যে হয়তো নতুন আটটি আইসিইউ বেড পাওয়া যাবে। আর অক্সিজেন সংকট সমাধানের জন্য কাজ চলমান রয়েছে।