ঝিনাইগাতীতে মোটর সাইকেলের ধাক্কায় প্রবীণ নিহত

শেরপুরের ঝিনাইগাতীতে মোটর সাইকেলের ধাক্কায় আলী মাহমুদ (৯০) নামে এক প্রবীণ কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আলী মাহমুদ উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটে ২৭ জানুয়ারি রবিবার বিকেলে।

স্থানীয় বাসিন্দারা জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে সন্ধ্যাকুড়ার এক দোকান থেকে মুদি মালমাল কিনে বাড়ি ফিরছিলেন আলী মাহমুদ। রাস্তা পার হওয়ার সময় ফাকরাবাদ গ্রামের আঃ রহিমের মোটরসাইকেলের ধাক্কায় গুরুতরভাবে আহত হয় তিনি।

আহত আলী মাহমুদকে প্রথমে ঝিনাইগাতী ও পরে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় আলী মাহমুদের মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।

নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা বলেন, ‘উভয় পরিবারের মধ্যে সমঝোতার মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।’

আরও পড়ুনঃ স্কুল থেকে ফেরার পথে ট্রাকচাপায় ভাই-বোনের মৃত্যু, বাবা আহত

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু