নিখোঁজ মায়ের সন্ধান পেতে, মায়ের ডায়ারিগুলো ও নিজের জীবনের নিরাপত্তার আশঙ্কায় থানায় সাধারণ ডায়ারি (জিডি) করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মওলানা মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণার বড় ছেলে আব্দুর রহমান। গত শনিবার রাজধানীর পল্টন থানায় এ জিডি করেন। জিডি নম্বর ৫৪৫।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, আব্দুর রহমান থানায় এসে একটি জিডি করেছেন। তিনি কোথায় থাকছেন, তার খোঁজ আমরা রাখব। এছাড়া জিডির তদন্ত শুরু হয়েছে। তদন্তে তার মায়ের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
জিডিতে আব্দুর রহমান উল্লেখ করেন, বেশ কিছু দিন ধরে মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে সপ্তাহ খানেক আগে বাগেরহাট থেকে ধানমন্ডিতে তার মায়ের বাসায় আসেন। ঐ বাসার মালিক আব্দুর রহমানকে জানান, তার মা (জান্নাত আরা ঝর্ণা) ৩ এপ্রিল বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি। পরে আব্দুর রহমান মায়ের বাসায় প্রবেশ করে সেখান থেকে ঝর্ণার লেখা তিনটি ডায়ারি পান।
জিডিতে আব্দুর রহমান আরো উল্লেখ করেন, মায়ের খোঁজ না পেয়ে ডায়ারিগুলো নিয়ে তিনি গত শনিবার বাড়ির পথে রওনা হন। পল্টন এলাকায় পৌঁছালে তার মনে হয়, অজ্ঞাত লোকেরা তাকে অনুসরণ করছেন। এ অবস্থায় তার নিজের ও তার মায়ের নিরাপত্তা এবং ডায়ারিগুলোর সংরক্ষণের বিষয়ে আতঙ্কিত হয়ে পড়লে তিনি থানায় ডায়ারির আবেদন করেন।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে এক নারীসহ অবরুদ্ধ হন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হক। ঐ নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করলেও কোনো প্রমাণ দেখাতে পারেননি মামুনুল। মামুনুলের সঙ্গে অবরুদ্ধ হওয়া নারীই জান্নাত আরা ঝর্ণা। অবরোধকারী স্থানীয়রা দাবি করেন, মামুনুল হক ঐ নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত। এজন্য তাকে তারা অবরুদ্ধ করেছিলেন।