নগরীর এনায়েত বাজার এলাকায় হেলে পড়া পাঁচতলা ভবনটি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। গত শনিবার রাতে হেলে পড়ার পর ভবনটি পুলিশ ঘিরে রাখে। মালিক পক্ষ ভবনটি নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছিল বলে দাবি করলেও সিডিএ তা অস্বীকার করছে। সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান বলেন, ঘটনাস্থল রেলওয়ে এলাকায় পড়েছে। ঐ এলাকায় ভবন নির্মাণে অনুমোদন দেওয়া হয় না। এছাড়া এক শতাংশের কম জায়গার ওপর সিডিএ ভবন নির্মাণে অনুমোদন দেয় না।
অনুমোদনের কাগজপত্র প্রসঙ্গে শাহীনুল ইসলাম খান বলেন, তারা যে কাগজ দেখাচ্ছেন সেটি ১৯৯৬ সালের আগের। তবে ভবন দেখে মনে হয় না এতদিনের পুরোনো। যে আইনে অনুমোদন দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেই আইন অনেক আগেই বাতিল করা হয়েছে। তবে ভবন মালিক দীপ নারায়ণ ঘোষ বলেন, আমাদের কাছে নকশা ও অনুমোদন সংক্রান্ত প্রমাণ আছে। সিডিএ কাগজপত্র না দেখে কথা বলছে। ভবনটি এখন ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকরা কাজ শুরু করেছেন।