হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ। গতকাল রবিবার দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনের সড়কে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে আজকে আমরা দেখছি স্বাধীনতাবিরোধীরা স্বাধীনতা দিবসে ভাঙচুর করে, হত্যা করে। তারা ইসলাম ধর্মকে ব্যবহার করে ব্যবসা করে। এরা সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প ছড়াতে চায়। মাটির গর্ত থেকে বের করে এনে এদের বিচার করতে হবে।
স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধনে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র, কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কৃষিবিদ প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কৃষিবিদ প্রফেসর এ কে এম সাইদুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।