নড়াইল জেলাধীন কালিয়া থানার জামরিলডাঙ্গা গ্রামে ডা. কে এম হাফিজুর রহমানের পুকুর পাড়ে অর্ধশত বছরের পুরাতন ২২৯টি ফলদ গাছ জোরপূর্বক কেটে নেওয়া ও পুকুর পাড় দখলের প্রতিবাদ এবং এ ঘটনার বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু লীগ গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচির সভাপতি ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. কে এম হাফিজুর রহমান এসময় লিখিত বক্তব্যে বলেন, মহামারি করোনার লকডাউনের মধ্যে রাত আনুমানিক ১০টার দিকে আব্দুল হামিদের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ২২৯টি মূল্যবান গাছ কর্তন এবং পুকুর পাড় দখল করে নেয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেন কোনো প্রকার প্রতিকার না চাই সেজন্য বিভিন্ন মাধ্যমে প্রাণহানির হুমকি দিচ্ছে ভূমিদস্যুরা। আমি কোটি টাকা মূল্যের গাছ কর্তন এবং পুকুর পাড় দখলদারদের সুষ্ঠু বিচার দাবি করছি। মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বর্তমান সরকার পরিবেশবান্ধব। এই সরকারের আমলেই ঐ কুচক্রী মহল ডা. হাফিজুর রহমানের বসতবাড়ির ফলদ ও বনজ গাছ কর্তন করে পরিবেশবিরোধী যে তাণ্ডব চালিয়েছে তা নিঃসন্দেহে মানবতাবিরোধী কাজ। এই চক্রটি আওয়ামী লীগের নাম ব্যবহার করে মানবতা ও পরিবেশবিরোধী তাণ্ডব চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ন্যাপ ভাসানি চেয়ারম্যান এম এ ভাসানি, বাংলাদেশ সোশ্যাল এক্টিভিস্ট ফোরামের প্রধান সমন্বয়ক মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আনিসুর রহমান, নারীনেত্রী এলিজা রহমান লিজা, পল্লী সোসাইটি সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর শেখ। উপস্থিত ছিলেন মোহাম্মদ সোলাইমান মিলন, জাহাতাব উদ্দিন, দেশপ্রেম একাডেমির উদ্যোক্তা নয়ন ভান্ডারি ও শারমিন আক্তার প্রমুখ।