চাঁদপুরের হাজীগঞ্জে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গিয়েছে। সোমবার সকালে পৌরসভাধীন টোরাগড় গ্রামের মিয়াাজী বাড়িতে এ নির্মম ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম আবুল কালাম মিয়াজী (৭০)।
নিহতের মেয়ের জামাই ফারুক হোসেন জানান, ‘আমার শশুর আবুল কালাম মিয়াজীর বিল্ডিংয়ের কাজ চলমান। বিল্ডিংয়ের কাজ করার সময় একই বাড়ির মোস্তফা মিয়াজীর জায়গায় বিল্ডিংয়ের কিছু বালু পড়ে। এতে তার ছেলে রাকিব মিয়াজী (২০) ক্ষিপ্ত হয়ে আমার শশুরের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সে আমার শশুরের জামার কলারে ধরে মারধর শুরু করে। তার সঙ্গে রাকিবের চাচা দুলালসহ কয়েকজন মিলিত হয়ে তাকে মারপিট করে। আমি ধরতে গেলে আমাকেও মারপিট করে। আমাদের চিৎকারে বাড়ির অন্য লোকজন এগিয়ে এসে তাদের হাত থেকে আমাদের উদ্ধার করে আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে আনার পর জানতে পারি আমার শশুর মারা গেছে।’
আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার মো. আজাদুল হক জানান, ‘হাসপাতালে আনার পূর্বেই আবুল কালাম মিয়াজী মৃত্যুবরণ করেছেন। আমরা হাসপাতাল থেকে পুলিশকে ফোন করেছি।’
নিহতের বড় মেয়ে সিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, ‘তারা আমার বাবাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
নিহতের ছেলে জনতা ব্যাংক হাজীগঞ্জ শাখায় কর্মরত ফয়সাল আহমেদ সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় বারবার জ্ঞান হারান।
ঘটনাস্থলে উপস্থিত হাজীগঞ্জ থানার এসআই সুমন বলেন, ‘লাশের সুরতহাল তৈরি করা হচ্ছে। চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।’
আরও পড়ুনঃ শ্রীবরদীতে দুই পুলিশকে মারধরের ঘটনায় একজন গ্রেফতার
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, ‘আমি ও এএসপি সার্কেল (হাজীগঞ্জ) ঘটনাস্থলে আছি। বিষয়টি মর্মান্তিক। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
ইত্তেফাক/নূহু