n সৈয়দা রাকীবা ঐশী
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘বাংলা চ্যানেল’ খ্যাত কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথ সাঁতরে পাড়ি দিয়েছেন গণপূর্ত অধিপ্তরের দুই প্রকৌশলী। টেকনাফের শাহ্ পরীর দ্বীপ থেকে সাঁতার (সিঙ্গেল ক্রস) শুরু করেন তারা। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পবিত্র কুমার দাশ একটানা ৫ ঘণ্টা ২৪ মিনিট ও উপবিভাগীয় প্রকৌশলী অর্ণব বিশ্বাস একটানা ৫ ঘণ্টা ৩০ মিনিট সাঁতরে ১৬.১ কিলোমিটার পাড়ি দেওয়ার কৃতিত্ব অর্জন করেন। সম্প্রতি তারা এই রেকর্ড সৃষ্টি করেন। সাঁতারের আয়োজক ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সাটিম বাংলা। ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী সাঁতারু লিপটন সরকার জানান, শাহ্ পরীর দ্বীপ থেকে (সিঙ্গেল ক্রস) সাঁতার শুরু করে সেন্টমার্টিন যান চারজন সাঁতারু। তারা হলেন— পবিত্র কুমার দাশ, অর্ণব বিশ্বাস, দিপঙ্কর বিশ্বাস ও লিপটন সরকার। এদের মধ্যে পবিত্র কুমার দাশ, অর্ণব বিশ্বাস ও লিপটন সরকার সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দেন। অর্ণব বিশ্বাস বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্ট্যাডিজে মাস্টার্স সম্পন্ন করার পর সমপ্রতি তিনি আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি হাফ ম্যারাথন সফলভাবে সম্পন্ন করেছেন পবিত্র ও অর্ণব। ২০১৮ সাল থেকে তারা সুস্বাস্থ্যের জন্য শারীরিক ফিটনেসের কার্যক্রম শুরু করেন। পবিত্র কুমার দাশ বলেন, ‘এই বছরে বাংলাদেশের প্রথম আয়রনম্যান আরাফাতের সঙ্গে রমনা পার্কে পরিচয় হয়। তিনি আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। সেই থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে জেগে শরীরচর্চা করা একটা অভ্যাসে পরিণত হয়েছে। এন্ডুরেন্স ট্রেনিং থেকে শুরু করে লং ডিস্টেন্স রানের হাতেখড়ি তার হাত ধরেই। এরপর পর্যায়ক্রমে বেশ কয়েকটি হাফ ম্যারাথন সফলভাবে সম্পন্ন করার কৃতিত্বও তারই।’ অর্ণব বিশ্বাস বলেন, ‘২০২০ সালে আয়োজিত বাংলা চ্যানেলের খবর আমাকে বেশ আলোড়িত করে এবং এ ব্যাপারে আমি খোঁজ নেওয়া শুরু করি। আয়রনম্যান আরাফাতকে বিষয়টি জানালে আমাদের সুইমিং কোচ সাইফুল ইসলাম রাসেলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেই থেকে জানুয়ারি মাসের প্রথম থেকে আমাদের সুইমিং ট্রেনিং শুরু হয়।’
পবিত্র ও অর্ণব আগামী বছর ইন্টারন্যাশনাল ম্যারাথনের পাশাপাশি ওপেন ওয়াটার সুইমিং কম্পিটিশন ‘ওশান ম্যান’-এ অংশগ্রহণের ইচ্ছা আছে বলেও জানান।