রমজানে বেতারে হামদ-নাত প্রচার প্রসঙ্গে

বাংলাদেশ বেতারে নতুন হামদ-নাত প্রচার হচ্ছে না। এই উপমহাদেশে হামদ ও নাত-এ-রসুল (সামা গজল)-এর প্রবর্তক ছিলেন হজরত মুইন উদ্দীন চিশতী (র)। এর প্রভূত বিস্তার ঘটে হযরত নিজাম উদ্দীন (র)-এর সময়ে। তিনি (নিজাম উদ্দীন) এবং তাঁর অনুসারীরা প্রায়ই মজলিস করে সামা বা কাওয়ালি শুনতেন। দিল্লির সম্রাট গিয়াস উদ্দীন ও সভা-কবি আমীর খসরুর পৃষ্ঠপোষকতায় হামদ ও নাতের প্রসার ঘটে। কালের আবর্তে সুর-লয়-তালের অনেকটাই পরির্বতন হয়েছে। এখন হামদ-নাত সাধারণ মানুষের মন আপ্লুত করার মতো সুরে প্রত্যন্ত অঞ্চলে শোনা যায়। যেমন ‘তুমি যদি হও মোর প্রভু, সব হবে মোর’, ‘ঐ মদিনার পাক মাটি/খাঁটি সোনার চেয়েও খাঁটি’, ‘আদর করিয়া বান্ধা বানাইয়া/কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া’ ইত্যাদি। এগুলো সেহরি অনুষ্ঠানে বা অন্যান্য সময়ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের উপযোগী বলে অনেকেই মনে করেন। বেতারে পুরানো হামদ ও নাত পরিবেশন হচ্ছে। পরিশেষে, বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে আসন্ন রমজানে নতুন হামদ-নাত প্রচারের জন্য বিনীত আবেদন জানাই।

আজিজ ইবনে মুসলিম

গলাচিপা, পটুয়াখালী