করোনা সংক্রমণ রোধে প্রধান বিচারপতির নির্দেশনা
ইত্তেফাক রিপোর্ট
কারাগারে থাকা হাজতিদের মধ্যে যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেজন্য বিশেষ নির্দেশনা জারি করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সেই মোতাবেক হাজতি আসামিকে আদালতে হাজির না করেই কারাগারে জামিন শুনানি করতে অধস্তন আদালতের বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির সহায়তায় হাজতি আসামির ভার্চুয়ালি রিমান্ড শুনানি করতে বিচারকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা প্রতিপালন করতে পুলিশের আইজি, কারা মহাপরিদর্শক ও পুলিশ কমিশনারদের বলা হয়েছে।
গতকাল সোমবার প্রধান বিচারপতির নির্দেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে কারাগার হতে হাজতি আসামিদের আদালতে হাজির করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্ণিতাবস্থায়, জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে হাজতি আসামিদের কারাগার হতে প্রিজনভ্যান বা অন্য কোনোভাবে আদালত কক্ষে হাজির না করে কারাগারে রেখে জামিন শুনানি করতে হবে। অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনে মামলার কার্যক্রম মুলতবি করতে হবে। এমতাবস্থায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে হাজতি আসামিদের কারাগার হতে প্রিজনভ্যান বা অন্য কোনোভাবে আদালত কক্ষে হাজির না করার নির্দেশ প্রদান করা হলো।
এ ছাড়া হাজতি আসামির রিমান্ড শুনানির ক্ষেত্রে সংশ্লিষ্ট কারাগারে ভিডিও কনফারেন্সের লিংক প্রেরণ করে শুনানি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আসামিকে কারাগার কর্তৃপক্ষের সহযোগিতায় ভার্চুয়ালি দেখে রিমান্ড শুনানি করতে পারবেন।