রমজানের আগেই রাজশাহীতে বাড়ল মসলার দাম!

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রমজানের আগেই রাজশাহীতে বেড়েছে বিভিন্ন ধরনের মসলার দাম। অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল থাকলেও খুচরা ও পাইকারি বাজারে মসলার দাম বাড়তি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে মসলার এই বাড়তি দামে হতাশা প্রকাশ করেছেন ক্রেতারা। গতকাল শনিবার নগরীর সাহেববাজারে দেখা গেছে মোটামুটি সব পণ্যের দাম স্থিতিশীল। গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণার পর হঠাত্ বাড়তে শুরু করেছিল সব পণ্যের দাম। চার দিন বাড়তি দাম থাকলেও শুক্র ও শনিবার পণ্যের দাম প্রায় স্বাভাবিক পর্যায়ে নেমে আসে। তবে দাম কমেনি শুধু মসলার। মসলা ব্যবসায়ীরা বলছেন, লকডাউনের কারণে আমদানি তুলনামূলক কমে যাওয়ায় দাম বাড়তি। যদি রমজানের আগে আমদানি স্বাভাবিক পর্যায়ে নেমে আসে, তাহলে কমতে পারে মসলার দাম। খুচরা ও পাইকারি মসলার বাজারে দেখা গেছে, দারুচিনির দাম কেজিতে ২০ টাকা বেড়ে হয়েছে ২৯০ এবং লং কেজিতে ২০০ বেড়ে হয়েছে ৮০০ টাকা। তেমনি খুচরা বাজারেও দাম বেড়েছে। দাম বেড়েছে এলাচেরও। এলাচ কেজিপ্রতি ২০০ টাকা বেড়ে হয়েছে ২ হাজার ৫০০, জিরা কেজিতে ৫ টাকা বেড়ে হয়েছে ২৮৫ টাকা; খুচরা বাজারেও ৩ টাকা বেড়েছে। তবে মসলার দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে সবজির দাম। নগরীর সাহেববাজারের ক্রেতা মামুন হোসেন বলেন, লকডাউন শুরুর পর পণ্যের দাম বেড়ে গিয়েছিল। তবে এখন স্থিতিশীল রয়েছে। শুধু মসলার দামই একটু বেশি। মসলার দাম কমলে বাকিগুলো মোটামুটি কমই আছে। নগরীর মেসার্স টনি ট্রেডার্সের স্বত্বাধিকারী টনি আহমেদ বলেন, লকডাউনের কারণে আমদানি কমে যাওয়ায় মসলার দাম একটু বেড়েছে। তবে রোজার আগে আমদানি স্বাভাবিক হলে সব মসলার দামই কমে যাবে।