বিকাশ এজেন্টের ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় পাঁচ কিশোর আটক

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়ায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে মোবাইল ব্যাংকিং ও বিকাশ এজেন্টের ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় পাঁচ কিশোরকে রবিবার রাতে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো মো. রকি, আবু তৈয়ব. মিনহাজ, জামাল ও আলমগীর। এরা সবাই ১৭ বছর বয়সি কিশোর। এদের বাড়ি উপজেলা সদরের আশপাশ এলাকায়। ছিনতাইয়ের শিকার মো. আরফাত উল্লাহ জানান, রবিবার দুপুরে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের ব্যাংকে যাবার পথে স্টেশনের সিকদার টাওয়ারের সামনে ৮-১০ জন কিশোর তার গতিরোধ করে। পরে তাদের হাতে থাকা মরিচের গুঁড়া চোখে ছুঁড়ে মেরে ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ঘটনার পর সিসিটিভির ফুটেজ দেখে অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পাঁচ কিশোরকে পুলিশ আটক করে। জড়িত অন্যদেরও আটকের অভিযান অব্যাহত রয়েছে।