পাটগ্রামে ভ্রাম্যমাণ আদালতকে বাধা গ্রেফতার ৬

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে লকডাউন না মানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতকে ঘেরাও করার মামলায় পুলিশ ছয় জনকে গ্রেফতার করেছে। রবিবার রাতে বাউরা বাজারের দোকানদার আবু তাহের বুলবুল, সিরাজ পাটোয়ারী, হাবিবুল হক, আজগর আলী, রুবেল হোসেন ও নুরনবীকে গ্রেফতার করা হয়। এর আগে গত বুধবার উপজেলার বাউরা বাজারে লকডাউন না মেনে দোকানপাট খোলা রাখায় তিন দোকান মালিককে জরিমানা করেন ইউএনও রাম কৃষ্ণ বর্মণ। এ সময় দোকানদার ও স্থানীয় লোকজন ভ্রাম্যমাণ আদালতকে ঘেরাও করে। এ ঘটনায় শুক্রবার পাটগ্রাম থানায় মামলা করা হয়। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারীর দায়ের করা মামলায় গ্রেফতার ছয় ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।