মিঠাপুকুরে গৃহবধূর লাশ উদ্ধার শাশুড়ি আটক

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরে মোসলেমা বেগম আইরিন (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় শাশুড়ি নুরজাহান বেগমকে আটক করা হয়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর ভাঙ্গার পাড় গ্রামের আব্দুর রউফের ছেলে জীবন মিয়ার সঙ্গে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বুঝরুক সমসের নগর এলাকার আহমদ আলীর মেয়ে মোসলেমা বেগম আইরিনের বিয়ে হয় কয়েক বছর আগে। সম্প্রতি জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ে জীবন মিয়া। এর প্রতিবাদ করায় স্ত্রীর সঙ্গে প্রায়ই জীবনের কথা কাটাকাটি হয়। এদিকে সোমবার ভোররাতে আইরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে—এমন খবর ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আইরিনের বড় ভাই মুঞ্জরুল বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে জীবন পলাতক থাকলেও তার মা নুরজাহান বেগমকে আটক করা হয়েছে।