ইত্তেফাক রিপোর্ট
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতিসহ সাত সহসভাপতি চূড়ান্ত হয়েছেন। আগামী ১৬ এপ্রিল নির্বাচন বোর্ড নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা আর ২০ এপ্রিল নতুন পর্ষদ দায়িত্ব গ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও এতে পরিবর্তন এসেছে। করোনা পরিস্থিতির কারণে আজ মঙ্গলবারই নবনির্বাচিত সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে পরবর্তী দুই বছরের জন্য নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করছেন। সংগঠনটির গুলশান অফিসে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হবে।
বিজিএমইএর শীর্ষস্থানীয় তিন জন নেতা ইত্তেফাককে জানান, বিজিএমইএর গত বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, করোনা পরিস্থিতিতে নির্বাচন পরিচালনা বোর্ড চাইলে দায়িত্ব গ্রহণের সময় এগিয়ে আনতে পারবেন। ফলে ২০ তারিখের স্থলে আগামীকাল (আজ মঙ্গলবার) নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করছেন। গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচিত ৩৫ পরিচালক ভোটের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ নির্বাচন করবেন। তবে গত রবিবার পরিচালনা পর্ষদের (সভাপতি ও সাত সহসভাপতি) জন্য বাড়তি কোনো প্রার্থী না থাকায় মনোনয়ন জমা দেওয়া সভাপতি ও সাত সহসভাপতির সমন্বয়ে পর্ষদ চূড়ান্ত হয়েছে।
এছাড়া প্রথম সহসভাপতি হচ্ছেন চট্টগ্রাম থেকে নির্বাচিত সৈয়দ নজরুল ইসলাম। আর সিনিয়র সহসভাপতি হতে যাচ্ছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেহা ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মান্নান কচি। অন্য সহসভাপতিরা হলেন ক্লাসিক ফ্যাশন্সের কর্ণধার শহীল্লাহ আজিম, ডিজাইনটেক্স নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রফিকুল ইসলাম, মিসামী গার্মেন্টসের পরিচালক মিরান আলী, সাদমা ফ্যাশনওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক মো. নাছির উদ্দিন এবং চট্টগ্রাম থেকে নির্বাচিত এইচকেসি অ্যাপারেলের ব্যবস্থাপনা পরিচালক রকিবুল আলম চৌধুরী।
গত ৪ এপ্রিল অনুষ্ঠিত বিজিএমইএর নির্বাচনে ফারুক হাসানের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ প্যানেল ২৪ পরিচালক পদে জয়ী হয়। আর ফোরাম প্যানেল জয় পায় ১১টিতে। গঠনতন্ত্র অনুযায়ী, জয়ী সম্মিলিত পরিষদই পরিচালনা পর্ষদ গঠন করছে।