স্পোর্টস ডেস্ক
‘আমার ছেলে যদি এতক্ষণ মাটিতে পড়ে থাকত , তাহলে সে কোনো খাবার-দাবার পেত না বাসায়।
—ওলে গুনার সোলস্যার
সনের ভাগ্য ভালো যে সে ওলের চেয়ে ভালো বাবা পেয়েছে। বাবা হিসেবে সব সময়ই সন্তানের খাবারের নিশ্চয়তা দেওয়া উচিত আপনার।
—জোসে মরিনহো
দ্বিতীয়ার্ধের উজ্জীবিত পারফরম্যান্সে গত রবিবার টটেনহাম হটস্পারকে তাদের ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানেজার জোসে মরিনহোর সাবেক দল ইউনাইটেডের বিপক্ষে সন হিউয়েঙ-মিনের গোলে শুরুতে স্পার্স এগিয়ে গেলেও রক্ষণভাগের ব্যর্থতায় কোনো পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। ম্যাচ শেষে স্পার্স স্ট্রাইকার সনের মাটিতে পড়ে থাকা নিয়ে বিতর্কিত মন্তব্য করে শোরগোল তুলেছেন ইউনাইটেড ম্যানেজার ওলে গুনার সোলস্যার।
টটেনহাম হটস্পার স্টেডিয়ামে দিনের প্রথম গোলটি করেছিল ইউনাইটেডই। এডিনসন কাভানির সেই গোল ভিএআরের পরামর্শে বাতিল করা হয়, কেননা সেই গোলের অগ্রগমনে স্কট ম্যাটমিনে ফাউল করেছিল স্পার্সের সনকে। গোল বাতিলের পর থেকেই সনের ওপর ক্ষোভে ফোঁসছিল রেডডেভিল শিবির। তাদের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়ে ম্যাচের প্রথম গোলটি করেন আবার সেই সনই। তবে দ্বিতীয়ার্ধে ফ্রেড-কাভানিদের বীরত্বে ম্যাচে ফিরে আসে ইউনাইটেড।
ম্যাচ থেকে তিন পয়েন্ট বাগিয়ে নিলেও সনের ওপর ক্ষোভ কমেনি ইউনাইটেডের। ম্যাচ শেষে সেটাই যেন মনে করিয়ে দিলেন ইউনাইটেড ম্যানেজার ওলে গুনার সোলস্যার, ‘আমার ছেলে যদি এতক্ষণ মাটিতে পড়ে থাকত এবং উঠে দাঁড়ানোর জন্য তার বন্ধুদের সাহায্য লাগত, তাহলে সে কোনো খাবার-দাবার পেত না বাসায়। কারণ এটা একেবারেই ন্যক্কারজনক।’
সোলস্যারের এই রূঢ় মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি স্পার্স। সংবাদ সম্মেলনে দুঃখভারাক্রান্ত হয়ে ম্যানেজার মরিনহো বলেন, ‘আমি খুবই কষ্ট পেয়েছি। সনের ভাগ্য ভালো যে সে ওলের চেয়ে ভালো বাবা পেয়েছে। আমি নিজে একজন বাবা। আমি মনে করি বাবা হিসেবে সবসময়ই সন্তানের খাবারের নিশ্চয়তা দেওয়া উচিত আপনার। আপনি কী করেন, এতে কিছু আসে যায় না। সন্তানের খাবারের জোগান দিতে যদি আপনার চুরি করতে হয়, আপনি চুরি করবেন।
বর্ণবাদী মন্তবের শিকার সন
ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর দক্ষিণ কোরিয়ান তারকা সন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভয়াবহ’ বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন বলে জানিয়েছে স্পার্স কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সনের ওপর হওয়া বর্ণবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ‘সবচেয়ে কার্যকরী পদক্ষেপটি নিতে প্রস্তুত স্পার্স।’ সনের ওপর হওয়া ফাউলের জন্য ইউনাইটেডের একটি গোল বাতিল হওয়ার রেশ ধরেই এই বর্ণবাদী আক্রমণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।