করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ সময়ে ব্যাংকিং লেনদেনও বন্ধ থাকবে। তবে নৌ, স্থল ও বিমান বন্দর এলাকার শাখা, উপশাখা ও বুথ খোলা থাকবে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, সরকারঘোষিত বিধিনিষেধ চলাকালে সাধারণভাবে সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে এ সময়ে নিজ নিজ ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে (ওয়ার্ক স্টেশন) অবস্থান করতে হবে। অর্থাত্ ঢাকা কর্মী ঢাকাতেই থাকতে হবে। সব ব্যাংকের শাখার পাশাপাশি আর্থিক সেবা দেওয়া ব্যাংকের সব উপশাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও এ সময়ে বন্ধ থাকবে। তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা।এদিকে এ সময়ে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা আমদানি-রপ্তানি কার্যক্রমের জন্য খোলা রাখা যাবে। পাশাপাশি রপ্তানিকারকদের প্রয়োজনে বৈদেশিক মুদ্রায় লেনদেন করা শাখা (এডি) নির্দিষ্ট দিনের জন্য খোলা রাখা যাবে। তবে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংক খোলা রাখার ব্যাপারে নির্দেশনা দেবে না।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম ইত্তেফাককে বলেন, সব শাখা বন্ধ থাকবে। আমদানি-রপ্তানিতে ব্যাংকের প্রয়োজন হলে চাহিদা মোতাবেক শাখা খোলা যাবে। তবে এতেও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানতে হবে।
বন্ধ থাকবে শেয়ারবাজারও
করোনার সংক্রমণ ঠেকাতে সরকারঘোষিত বিধিনিষেধের কারণে আগামী বুধবার থেকে এক সপ্তাহ শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। সোমবার বাংলাদেশ ব্যাংক বন্ধ রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করার পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে আজ মঙ্গলবার বেলা ১০ টাকা থেকে সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হবে পুঁজিবাজারে, আর বেলা ১টা পর্যন্ত লেনদেন হবে ব্যাংকে।