বিদেশি সামরিক কর্মকর্তাদের বিপসট পরিদর্শন

সেনাবাহিনী আয়োজিত বহুজাতিক সামরিক অনুশীলন ‘শান্তির অগ্রসেনা’র অংশ হিসেবে সেনানিবাসস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন বিদেশি সামরিক কর্মকর্তারা। গতকাল সোমবার রাজেন্দ্রপুরে বিপসট পরিদর্শন করেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে, ডেপুটি চিফ অব অপারেশন ভুটান সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল দরজি রিনচেন, জাতিসংঘ মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড মিশন ইন সেন্ট্রাল আফ্রিকা (মিনুসকা), মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড মিশন ইন মালি (মিনুসমা) এবং ইউনাইটেড ন্যাশনস মিশন ইন সাউথ সুদানের ফোর্স কমান্ডার প্রমুখ।

বিপসট বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান। যেখানে জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশন, শান্তি ও নিরাপত্তা বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা আগত অতিথিদের অভ্যর্থনা জানান। পরিদর্শনের সময় বাংলাদেশের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লে. জেনারেল এস এম মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। —আইএসপিআর