>> নাসরুল্লাহ শাকুরি
সম্প্রতি পবিত্র কোরআনের সুরা ইয়াসিনের ৮৩টি আয়াত ও আল্লাহর ২০-২২টি গুণবাচক নাম ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের আদলে ক্যালিগ্রাফি এঁকে সারাদেশে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী। যার নাম মুনতাসীর হক মুন।
ছেলেবেলায় ক্যালেন্ডারের পাতায় ক্যালিগ্রাফি দেখে খুব ভালো লাগত মুনতাসীরের। একদিন পেন্সিল দিয়ে নিজের নামের ক্যালিগ্রাফি করার চেষ্টা। সেই থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তাক লাগানো সব ক্যালিগ্রাফি আঁকতে শুরু করেন তিনি। কার্জন হলের আদলে আঁকা সাড়া জাগানো ঐ ক্যালিগ্রাফি সম্পর্কে মুনতাসীর বলেন, ‘আমি যেহেতু কোরআনের হাফেজ তাই পবিত্র কোরআন নিয়েই কাজটি শুরু করি। এতে পুরো সুরা ইয়াসিন ও আল্লাহর ২০-২২টি গুণবাচক নাম দিয়ে আঁকি।’ শুধু কর্জন হলই নয়, বরং আরবি হরফের ক্যালিগ্রাফি দিয়ে এঁকেছেন বাংলাদেশের পতাকা। ক্যালিগ্রাফির সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ব্যক্তি উদ্যোগে মুনতাসীর প্রতিষ্ঠা করেছেন ‘মুন ক্যালিগ্রাফি’ নামের একটি সংগঠন। পেন্সিল আর্ট এক্সিবিশন-২০১৮ ও ২০১৯, অবস্কিউর আর্ট এক্সিবিশন-২০১৯, অ্যালিউরিং ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন-২০১৯, ফোকাস বাংলাদেশ ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল-২০১৯ ও ২০২০ ছাড়াও মুনতাসীর এ পর্যন্ত মোট ১০টি জাতীয় ও আন্তর্জাতিক ক্যালিগ্রাফি উত্সব ও প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন তিনি।