ফরিদ আহমেদের মৃত্যুতে শোক

করোন আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সংগীত পরিচালক ও সুরকার ফরিদ আহমেদ। গতকাল সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। গত ১১ এপ্রিল ভোর থেকে হাসপাতালটিতে লাইফ সাপোর্ট ছিলেন তিনি।

উল্লেখ্য, গত ২০ মার্চ ফরিদ আহমেদ অসুস্থ হয়ে পড়েন। এরপর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তিনি ২৫ মার্চ করোনা পরীক্ষা করান এবং রিপোর্ট পজিটিভ আসে। তিনি প্রায় আড়াই হাজার নাটক’সহ বিভিন্ন অনুষ্ঠানের থিম সং করেছেন। এছাড়া ৩০টি সিনেমায় সংগীত পরিচালনা করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফরিদ আহমেদ।

 

বরেণ্য সংগীত পরিচালক ফরিদ আহমেদ অবশেষে চলেই গেলেন। করোনা কেড়ে নিলো আরো একজন প্রিয় মানুষকে। যিনি ছিলেন আমার সংগীতজীবনের দীর্ঘদিনের সহযাত্রী। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

—কুমার বিশ্বজিত্

 

শেষ পর্যন্ত করোনার সাথে যুদ্ধ করে ‘ভালো’ সহজ মানুষ ফরিদ ভাই চলেই গেলেন। আর কিছু বলতে পারছি না। কাঁদতেও পারছি না। ফরিদ ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভেহেস্ত নসীব করুন, আমিন। তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। সংস্কৃৃতি অঙ্গনকে পরিবার ভেবে ‘রেশ’ নামের পেজটিতে সাংস্কৃতিক অঙ্গনের ছোট-বড় খবর, বার্তা প্রচার করতেন খুঁজে খুঁজে ভালোবেসে। সবার জন্য। আজ কে লিখবে রেশ পেজে তার চিরনিদ্রায় চলে যাওয়ার কথা! খুব ভেবে, খুব কষ্টে থেকে, খুব ভালোবেসে মানবিক আবেদন করছি সবাইকে, বিষয়টিকে হালকাভাবে নেবেন না।

—ফাহমিদা নবী