ইত্তেফাক রিপোর্ট
গেল মার্চ মাসে দেশে মূল্যস্ফীতির হার আরো বেড়েছে। ফেব্রুয়ারি মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৩২ শতাংশ থাকার পর মার্চে বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ। এ সময় খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতে মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী হতে দেখা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা যায়, ফেব্রুয়ারি মাসে দেশ জুড়ে খাদ্যে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৪২ শতাংশ থাকার পর মার্চে বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ১৭ শতাংশ থেকে বেড়ে ৫ দশমিক ৩৯ শতাংশ হয়েছে।
ঢাকা শহরে মূল্যবৃদ্ধির তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এক মাসের ব্যবধানে চালের দাম অপরিবর্তিত থাকলেও ডাল, মাংস, ডিম, ভোজ্য তেলসহ মসলার দাম বেড়েছে। তাছাড়া পেঁপে, আলু, বেগুনসহ সবজির দাম এক মাসের ব্যবধানে বেড়েছে। খাদ্য ছাড়া জীবনযাত্রার অন্যান্য খরচও বাড়তে দেখা গেছে।
শহর ও গ্রাম পর্যায়ে মূল্যস্ফীতির হার বিশ্লেষণ করে দেখা যায়, গত মার্চে গ্রামীণ পর্যায়ে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৫৫ শতাংশ। এ সময় গ্রামীণ অঞ্চলে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৮৩ ও ৫ দশমিক শূন্য ৩ শতাংশ। অন্যদিকে শহরাঞ্চলে গত মার্চে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৩১ শতাংশ। এ সময় শহরাঞ্চলে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে যথাক্রমে ৪ দশমকি ৮০ ও ৫ দশমকি ৮৭ শতাংশ।