সংস্কারের অভাবে অস্তিত্ব সংকটে প্রধান সড়ক

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার প্রধান সড়কগুলোর মধ্যে চৌরাস্তা থেকে পানপট্টি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক দিয়ে কয়েক লাখ মানুষ যাতায়াত করে। দীর্ঘদিন সংস্কার বিহীন থাকায় সড়কটির অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যে, মোটরসাইকেল চালাতেও হিমশিম খেতে হয়। অন্য যানবাহন চলাচল করে ঝুঁকি নিয়ে। কৃষিপ্রধান এলাকার শস্যসহ অন্যান্য জিনিস আনা-নেওয়া করতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। জনদুর্ভোগ লাঘবে শীঘ্রই সড়কটি সংস্কারের ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

নিয়ামুর রশিদ শিহাব

গলাচিপা, পটুয়াখালী