করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে সারা বিশ্বে। নিউজিল্যান্ড-নেপাল-ভুটান-তাইওয়ানের মতো অনেক রাষ্ট্র করোনা থেকে নিজেদের মুক্ত করতে পারলেও আমেরিকা-ব্রাজিল-বাংলাদেশের মতো অনেক রাষ্ট্রে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। বাংলাদেশে এই ঢেউ প্রথম ঢেউ থেকে অনেক ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ অবস্থায় সারা দেশে লকডাউনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দেওয়া হলেও পিছিয়ে রয়েছে গ্রামাঞ্চলের মানুষ। শহর অঞ্চলে করোনা মহামারি ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও গ্রামে তার লেশমাত্র নেই। এদিকে সারা দেশে লকডাউনের ফলে গ্রামে ফিরছে হাজার হাজার মানুষ। যার ফলে ছড়িয়ে পড়তে পারে ভাইরাস। শহরের মানুষ মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, গ্লাভস ব্যবহারে উত্সাহী হলেও গ্রামের চিত্র একেবারে ভিন্ন। গ্রামে নেই মাস্ক-গ্লাভস-স্যানিটাইজারের ব্যবহার। মানুষ সামাজিক দূরত্ব মানতেও নারাজ। গ্রামে বন্ধ নেই সামাজিক বিভিন্ন অনুষ্ঠান। এতে প্রতিদিন মিলিত হচ্ছে হাজারো মানুষ, যাদের নেই তেমন সুরক্ষা ব্যবস্থা। এ অবস্থায়, স্থানীয় প্রশাসনের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো দরকার।
এ বি এস ফরহাদ
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়