ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ভূরুঙ্গামারীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। বাঁধ থেকে মাত্র ১০০ গজ এবং সেতুর পিলারের পাশ থেকে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে সোনাহাট রেলওয়ে পুরোনো সেতু এবং নির্মাণাধীন সোনাহাট নতুন সেতু। উল্লেখ্য, দুধকুমর নদের ওপর প্রায় দেড়শত বছরের পুরোনো সেতুর দক্ষিণ পাশে ২৩২ কোটি টাকা ব্যয়ে ৬৪৫ মিটার দৈর্ঘের (১৩টি পিলার সংবলিত) সেতু নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু মাটির স্তরের সমস্যার কারণে দীর্ঘ ১৭ মাস ধরে সেতুর কাজ বন্ধ রয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের আওতায় সেতুর উভয় পার্শ্বে ৮১৪ মিটার সেতু রক্ষাবাঁধ নির্মাণ করছে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু রক্ষাবাঁধ থেকে ১০০ গজ এবং পুরাতন সেতুর পিলারের কাছ থেকে দুইটি অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে সেতু রক্ষাবাঁধের মাটির কাজ করছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত এসও মোস্তাফিজুর রহমান সুজন জানান, তিনি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে নিষেধ করেছেন। তার দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানও ড্রেজার দিয়ে বালু তুলছে না। তাহলে বালু উত্তোলন করে বাঁধে কে ফেলছে? এ প্রশ্নের জবাবে তিনি জানান, কে বা কারা ড্রেজার দিয়ে বালু তুলে বাঁধে ফেলছে জানা নেই। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ম্যানেজার ফজলুল হক জানান, তার সাইটে কোনো বালু ফেলা হচ্ছে না। স্থানীয় লোকজন বিক্রির উদ্দেশ্যে বালু উত্তোলন করছে।
ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) জাহেদুল ইসলাম জানান, আমরা খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেব। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা বলেন, ‘আমরা বিষয়টির খোঁজখবর নিচ্ছি। তারপর ব্যবস্থা নেওয়া হবে।’