বেলকুচিতে দুইটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন থেকে দুইটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার দুপুরে ইউনিয়নের দৌলতপুর গ্রামের তাঁতের কাপড় ব্যবসায়ী রুহুল আমিনের বাড়ির খড়ির মাচার নিচ থেকে বাঘের বাচ্চা দুটি উদ্ধার করা হয়। রুহুল আমিন বলেন, বাড়ির লোকজন রান্নার খড়ি আনতে গেলে খড়ির গাদার নিচে মেছো বাঘের বাচ্চা দুইটিকে দেখতে পায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ‘আমাদের দৌলতপুর’-এর সদস্যরা বিষয়টি জানতে পেরে বেলকুচি বন বিভাগ অফিসে খবর দেয়। বেলকুচি বন বিভাগের মালি আজিজুল হক ও দ্য বার্ড সেফটি হাউজের সভাপতি মামুন বিশ্বাস প্রাণী দুটিকে উদ্ধার করেন। দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরকে জানানো পর তার পরামর্শে অনুযায়ী উদ্ধার করা বাচ্চা দুইটি আমার কাছে রেখেছি। লকডাউন শেষ হলে রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী অফিসে হস্তান্তর করা হবে।