বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
বাউফলে গতকাল মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় সাহেব আলী সরদার (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার কালাইয়া ধানহাট এলাকায় এ ঘটনা ঘটে। সাহেব আলী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোটডালিমা গ্রামের মজিদ সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ট্রাকযোগে বেশ কিছু থাই গ্লাস কালাইয়া ধানহাটে আসে। সেখান থেকে ট্রাকটি ঘুরে আসার পথে রশি কেটে গ্লাসগুলো শ্রমিক সাহেব আলীর ওপর পড়ে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। বাউফল থানার ওসি (তদন্ত) আলম মামুন বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, বকশীগঞ্জ-কামালপুর মহাসড়কে বাটাজোড় নামক স্থানে বাসচাপায় ইয়াকুব আলী (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় বকশীগঞ্জ হয়ে রৌমারী যাওয়ার পথে বাটাজোড় নামক স্থানে রাস্তা পারাপারের সময় ঐ দুর্ঘটনা ঘটে। বকশীগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নয়ন দাস জানান, লাশ উদ্ধারের পর আইন অনুযায়ী মামলা হয়েছে। ঘাতক বাসচালককে আটক করার প্রক্রিয়া চলমান।