স্পোর্টস রিপোর্টার
এএফসি কাপ প্লেঅফ-১ ম্যাচে নিয়ে বিপাকেই পড়েছে আবাহনী। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। এ অবস্থায় এএফসি কাপের ম্যাচ খেলতে পারবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা করছে আবাহনী। আজকে ভারতের গোয়া শহরে ভারতের ব্যাঙ্গালুরু এএফসির বিপক্ষে নেপালের ত্রিভুবন আর্মি এএফসির খেলা রয়েছে। এই ম্যাচটি হওয়ার পর ২১ এপ্রিল নেপালের দশরথে আবাহনী এবং মালদ্বীপের ঈগলসের খেলা। এই ম্যাচটি এবং পরবর্তী ম্যাচটি একই ভেন্যুতে করা যায় কিনা আবাহনীর প্রস্তাব রয়েছে এএফসির কাছে। আবাহনী বিপাকে পড়েছে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারণে। আবাহনী যেহেতু যেতে পারছে না তাই এক ভেন্যুতে দুই ম্যাচ আয়োজনের কথা বলছে।
আবাহনীর মাথায় আরো একটি ভাবনা রয়েছে। প্লেঅফের খেলার পর একটি দল ‘ডি’ গ্রুপে খেলার সুযোগ পাবে। যেখানে আছে বসুন্ধরা কিংস, এটিকে মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাব। এই গ্রুপে চতুর্থ দল হওয়ার জন্য আবাহনী চেষ্টা করছে। বাফুফে এবং আবাহনী চাইছে আগামী মে মাসে মালদ্বীপে যখন গ্রুপ পর্বের খেলা হবে তার আগে মালদ্বীপেই বাছাইয়ের খেলা আয়োজন করলে সবার জন্য সুবিধা হবে। আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিত দাস রূপু বললেন, গ্রুপ পর্বের খেলার আগে এক ভেন্যুতে হলেই ভালো হয়।’ বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন, ‘আমরা ফিফার কাছে লিখেছি। মালদ্বীপে খেলা আয়োজনের জন্য। এখন দেখি এএফসি কী বলে।’