স্বাস্থ্যবিধি মেনে মহামারি নিয়ন্ত্রণে রাখা হোক নতুন বছরের অঙ্গীকার

বাংলা নববর্ষে তথ্যমন্ত্রীর শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি

বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীসহ দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাভাষীকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বাংলা নববর্ষবরণকে বাঙালির সর্বজনীন উত্সব হিসেবে বর্ণনা করে তথ্যমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় বলেন, পৃথিবীর সব ভাষাভিত্তিক জাতির নিজস্ব সর্বজনীন উত্সব-পার্বণ রয়েছে। চীনাদের ‘চীনা নববর্ষ’, ইরান থেকে মধ্য এশিয়া পর্যন্ত ‘নওরোজ’, ইংরেজিভাষীদের ‘ইংরেজি নববর্ষ’, ঠিক তেমনই পহেলা বৈশাখ বাংলাভাষীদের সর্বজনীন উত্সব।

ড. হাছান মাহমুদ বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি প্রতিরোধ যুদ্ধে বাংলাদেশ এরই মধ্যে তার সক্ষমতার স্বাক্ষর রেখেছে। স্বাস্থ্যরক্ষায় সরকারি নির্দেশনা ও বিধি যথাযথভাবে অনুসরণের মাধ্যমে মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে রাখা হোক নতুন বছরের অন্যতম অঙ্গীকার। তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে ও ডিজিটাল বাংলাদেশের আশীর্বাদে অনলাইনে বর্ষবরণ হোক নিজস্ব সংস্কৃতি আর আনন্দের রূপকার।’