লকডাউনে বাজার পরিচালনা মনিটরিং করবে ডিএসসিসি :তাপস

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, লকডাউনে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ ও সম্পত্তি বিভাগের মাধ্যমে ১০টি অঞ্চলে ডেঙ্গুর লার্ভা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এছাড়া লকডাউনের বিধিনিষেধ যাতে বাস্তবায়ন হয়, বাজারগুলো যাতে ৩টার মধ্যে বন্ধ হয়ে যায় ও সকাল ৯টার আগে না খোলা হয় তা তারা তদারকি করবে। গতকাল ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন এবং করপোরেশনের জরুরি সেবা কার্যক্রম সংক্রান্ত এক সভায় এসব কথা বলেন তিনি। মেয়র বলেন, সরকারঘোষিত লকডাউনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুটি হাসপাতাল ও পাঁচটি নগর মাতৃসদনে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমসহ অন্যান্য স্বাস্থ্যসেবা এবং করপোরেশনের অত্যাবশ্যকীয় সেবা কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও স্বাস্থ্যবিধি তদারকি এবং মশার লার্ভার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। বৈঠকে অত্যাবশ্যকীয় কার্যক্রম—বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ ও বিদ্যুত্ ব্যবস্থাপনা কার্যক্রম ও সংশ্লিষ্ট যানবাহনগুলোর কার্যক্রমও চলমান থাকবে বলে জানানো হয়। বৈঠকে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।