দেশকে অস্থিতিশীল করতে চূড়ান্ত ষড়যন্ত্র চলছে :শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে চূড়ান্ত ষড়যন্ত্র চলছে। আমি তো গত সাত-আট মাস ধরেই বলে আসছিলাম। দেশকে ধ্বংসের জন্য নানা কূটকৌশল করা হচ্ছে। কিন্তু আল্লাহর রহমত আছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তিনি থাকতে আল্লাহর ইচ্ছায় সব ধরনের ষড়যন্ত্রকে মোকাবিল করার শক্তি আল্লাহ তাকে দিয়েছেন। তাই চিন্তা করবেন না। যে পর্যন্ত শেখ হাসিনা আছেন সেই পর্যন্ত দেশের মানুষের জন্য উন্নয়ন কাজ অব্যাহত রেখে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছেন আগামীতেও যাবেন। গতকাল নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউএনও নাহিদা বারিকের বিদায় অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, মানুষের কিসের এত বাহাদুরি। চারদিকে কত কম বয়সি মানুষ মারা যাচ্ছে। এই যে কথা বলছি এখন যদি আল্লাহর হুকুম হয় তাহলে চলে যেতে হবে। তাই কিসের এত অহংকার। আসুন মানুষের জন্য ভালো কাজ করি। ভালো কাজ মানুষকে আমরণ বাঁচিয়ে রাখে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন, উপজেলা চেয়ারম্যান আজাদ বিশ্বাস ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী প্রমুুখ। পরে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে করোনার টিকা দ্বিতীয় ডোজ গ্রহণ করেন শামীম ওসমান।