রাজধানীর ধানমন্ডি ও মালিবাগে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। এদের মধ্যে ধানমন্ডিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন অটোরিকশাচালক কামাল উদ্দিন (৩৫) এবং মালিবাগে নিহত হয়েছেন পথচারী দুলাল চক্রবর্তী (৪৫)। গতকাল মঙ্গলবার ভোরে ও গত সোমবার রাতে এ দুটি ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালক কামাল উদ্দিনের স্ত্রী সাবিনা বেগম জানান, তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। ঢাকায় মোহাম্মদপুরের রায়েরবাজারে ভাড়া বাসায় থাকেন। তার স্বামী গতকাল ভোরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। ধানমন্ডি ২৭ নম্বর আসা মাত্রই একটি কাভার্ড ভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন কামাল। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
এদিকে গত সোমবার রাত ১০টার দিকে মালিবাগের সিএনজি পাম্পের সামনে মোটরসাইকেলের ধাক্কায় মারা যান দুলাল চক্রবর্তী নামে এক পথচারী। এ ঘটনায় মোটরসাইকেলের চালক হূদয় (১৭) গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক, এখনো জ্ঞান ফেরেনি। আহত হূদয়ের বড় ভাই রিয়ন জানান, হূদয় মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী হিসেবে কাজ করে। গাড়ির টেস্ট ড্রাইভ দেওয়ার সময় এ ঘটনা ঘটেছে বলে তারা শুনেছেন।