কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনায় শহর পুলিশ প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরের ব্রুকলিন সেন্টারে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক দাউন্ট রাইটের মৃত্যুর ঘটনায় শহরের পুলিশ প্রধান এবং অভিযুক্ত অফিসার পদত্যাগ করেছেন। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন শহরটির মেয়র মাইক এলিয়ট। এ খবর প্রকাশ করেছে বিবিসি ও সিএনএন।

বিবিসি জানিয়েছে, পুলিশ প্রধান টিম গ্যানন এবং অভিযুক্ত অফিসার কিম পটার ব্রুকলিন সেন্টার পুলিশ বাহিনী থেকে পদত্যাগ করেছেন। তাদের এ সিদ্ধান্ত আসলো হত্যাকাণ্ডের দুইদিন পর। ওইদিনের ঘটনার পর থেকে শহরজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের ব্রুকলিন সেন্টারের মেয়র মাইক এলিয়ট জানান, টিম গ্যাননের জায়গায় নতুন পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ১৯ বছরের অভিজ্ঞ টনি গ্রুনিগকে।

২০ বছর এই যুবকের নাম দাউন্ট রাইট। লিশ প্রধান টিম গ্যানন সোমবার (১২ এপ্রিল) সকালে গণমাধ্যমকে জানিয়েছেন, গুলি করার বিষয়টি দুর্ঘটনা ছিল। দায়িত্বরত অফিসার টেজার ব্যবহার করতে গিয়ে গুলি করে। ঘটনাটির তদন্ত চলছে। ওই অফিসার এখন প্রশাসনিক ছুটিতে আছেন।

জর্জ ফ্লয়েডকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক কর্মকর্তার বিচার চলায় মিনিয়াপোলিসে এখন এমনিতেই উত্তেজনা বেশি। প্রতিবেদনে বলা হয়, রবিবার দাউন্ট রাইটের নাম উচ্চারণ করে কয়েকশ বিক্ষোভকারী ব্রুকলিন সেন্টারের পুলিশ সদর দফতরের বাইরে জড়ো হয়। এসময় পুলিশ রায়ট গিয়ার ব্যবহার করলে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়।

এর আগে, পুলিশ জানিয়েছে, রাইট নামে ২০ বছর বয়সী ওই যুবককে গাড়ি চালানো অবস্থায় আটক করে নিয়ে যেতে চেয়েছিলেন দায়িত্বরত কর্মকর্তা। এ সময় পুলিশের সঙ্গে তর্কবিতর্কের একপর্যায়ে ঘটনাস্থলেই তাকে গুলি করা হয়। তার সঙ্গে গাড়িতে থাকা এক নারীও আহত হন বলে জানা গেছে।

ইত্তেফাক/টিএ