মিয়ানমারে নিহতদের স্মরণে রাস্তায় লাল রঙ ছড়িয়ে প্রতিবাদ

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে নিহতদের স্মরণে দেশটির সরকারি দফতরের সামনের সড়কে লাল রং ছড়িয়েছে বিক্ষোভকারীরা। বুধবার (১৪ এপ্রিল)  বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের বেশ কয়েকটি শহরে ঘটেছে এই ঘটনা। জানা গেছে, এটি বিক্ষোভকারীদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। মিয়ানমারের দ্বিতীয় প্রধান শহর মান্দালয়ে দেশটির কারাবন্দি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির মুক্তির দাবিতে মিছিল করেছেন হাজারো মানুষ।

তবে বুধবার মিয়ানমারে কোনো নিহতের সংবাদ পাওয়া যায়নি। তবে গত দু’দিন ধরে দেশটিতে ইন্টারনেট সেবা সীমিত করেছে জান্তা সরকার। এ কারণে তথ্য পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে।

মিয়ানমারে এখন নববর্ষ চলছে বার্মিজ নববর্ষ থিনগিয়াং। মঙ্গলবার ছিল থিনগিয়াংয়ের প্রথম দিন। এমনিতে থিনগিয়াং মিয়ানমারের সবচেয়ে বড় উৎসব হিসেবে স্বীকৃত হলেও সামরিক অভ্যুত্থান, সু চি সহ দেশের গণতন্ত্রপন্থি নেতা-কর্মীদের কারাবন্দি করা ও সাত শতাধিক নিহতের জেরে চলতি বছর থিনগিয়াং উদযাপন করছে না মিয়ানমার।

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে গত ১ ফেব্রুয়ারি সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের নেতৃত্বে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। 

বন্দি করার পর সু চির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনে মিয়ানমারের সামরিক সরকার। সেগুলোর মধ্যে রাষ্ট্রীয় তথ্য পাচারের অভিযোগটি গুরুতর। এতে দোষী হিসেবে প্রমাণিত হলে সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে সু চির।

ইত্তেফাক/এসএ