আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, নবনির্বাচিত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
শোকবার্তায় আইন মন্ত্রী জানান, আমি এডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে অত্যন্ত মর্মাহত। তাঁর মত একজন ভ্যাটার্ন পার্লামেন্টারিয়ান এর মৃত্যুতে বাংলাদেশের আইন অঙ্গনে এবং সংসদীয় গণতন্ত্রে এক বিরাট শূন্যতা তৈরি হলো বলেও জানান তিনি।
মন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর মৃত্যুতে আরো গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির এবং আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এবং কুমিল্লা-৫ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু বুধবার বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
মরহুম আব্দুল মতিন খসরু ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আইনমন্ত্রীর দায়িত্ব পান। তিনি ১৯৫০ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি।
সাবেক আইনমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মতিন খসরু এমপির মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।
শোকবার্তায় বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ইত্তেফাক/এসআই