দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয় আহসান। দেশের বড় বড় উৎসবে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে থাকেন এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে আগামী বছর নববর্ষে দুর্যোগের গাঢ় মেঘ সবার মাথার ওপর থেকে সরে যাবে বলে প্রত্যাশা করেছেন জয়া।
জয়া আহসান ফেসবুকে লেখেন, ‘কোভিডের দু:সময় আমরা পার হইনি। চারদিকে বিষণ্ণতা আর মৃত্যু। কিন্তু দুঃসময়ই যে মানুষের শেষ কথা নয়, সে কথা জানাতেই তো বাংলা নববর্ষের আগমন। করোনার বিস্তারে গত বছরের নববর্ষে আমরা সংযত থেকেছি। প্রত্যাশা করেছি, পরের নববর্ষে দুর্যোগের গাঢ় মেঘ মাথার ওপর থেকে সরে যাবে। এবারে কোভিড আরও জোরেশোরে ফিরে এসেছে। কিন্তু কোভিডের কী সাধ্য, পহেলা বৈশাখের প্রাণশক্তিকে চাপা দেয়! মানুষকে পরাস্ত করা কি এতোই সহজ! কত যুদ্ধ, মন্বন্তর পেছনে ফেলেই না এত দূর এগিয়ে এসেছে মানুষ।’
তিনি আরও লিখেছেন, ‘মানুষ মানে এগিয়ে যাওয়া। ঘোর অন্ধকার আসে, তাকে পেছনে ফেলে এগিয়ে চলো, সবাই হাত ধরে পহেলা বৈশাখ ঠিক এই কথাটিই সব সময় বলে এসেছে। আমরা সতর্ক আর নিরাপদ থাকব, নিজেদের সুস্থ রাখার জন্য সবকিছু করব, সবার জন্য দু’হাত বাড়িয়ে রাখব, মনকে ভরে রাখব আলোয়। নববর্ষের কচি রোদ আমাদের সবার মুখের ওপরে। দুঃসময় পেরিয়ে আমাদের এই পথ চলাতেই আনন্দ। শুভ নববর্ষ। ’
ইত্তেফাক/বিএএফ