রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম অপরা আক্তার লুসি (২৪)।
সোমবার বিকেলে ফকিরাপুলের এক নম্বর গলিতে তার লাশ পড়েছিল। ভবনের ওপর থেকে ফেলে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে কেউ লাশ ফেলে দিতে দেখেননি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরাপুলের এক নম্বর গলিতে ঢোকার মুখে আটতলা ও পাঁচ তলা দু’টি ভবন রয়েছে। এই দু'টি ভবনের মধ্যে ফাঁকা জায়গায় সোমবার বিকেলে তরুণীর লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এলাকাবাসী জানিয়েছেন, ওই তরুণী পাশের সড়কে এক বাসায় থাকতেন। গত দু’দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। কেউ তাকে এলাকার মধ্যে খোঁজাখুজিও করেছেন। তবে তরুণী সম্পর্কে বিস্তারিত এলাকার কেউ কিছু বলতে পারছেন না।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, এই তরুণী যে নিখোঁজ ছিলেন সে ব্যাপারে কেউ পুলিশের কাছে অভিযোগ করেননি। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ফকিরাপুলের এক নম্বর সড়কে ২২১ নম্বর বাড়ির পাশে লুসি নামে একটি মেয়ের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পাশের কোনো ভবন থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ভারতে ২৫ বছর গরুর সেবা করে পদ্মশ্রী পেলেন বিদেশিনী
ইত্তেফাক/এমআই