রোমেন রায়হান
কালবোশেখের দুরন্ত ঝড়
বাতাস এলো বেগে
ঝুলে থাকা ঘুমন্তরাও
উঠল তাতে জেগে।
লম্ফ দিয়ে নামল নিচে
লাগলো গায়ে মাটি
বলল, এসো মনের সুখে
এদিক-সেদিক হাঁটি।
যাদের আছে পাকার শপথ
থাকুক তারা ঝুলে
আমরা সবুজ, আমরা কাঁচা
ছুটব আওয়াজ তুলে।
মাটি-কাদায় লুটোপুটি
ক্লান্ত হয়ে হেঁটে
লবণ মেখে ঢুকল কজন
দুষ্ট ছেলের পেটে।
আচার হওয়ার জন্য যাদের
মনটা অনেক কাঁদে
‘শুকাই’ বলে রোদের ভেতর
থাকল শুয়ে ছাদে।
ডালগুলোকে টক বানাতে
চুলার দ্বিগুণ জ্বালে
ওদের ভেতর কয়েকজনে
সাঁতার দিলো ডালে।
গাছ থেকে আম কতই পড়ে
কালবোশেখের ঝড়ে
নজর করে কেউ দেখে না
কী হয় ঝড়ের পরে!